প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: 26 October 2026, 5:49 pm

গণকবরস্থান নেই,বসতঘরেই শেষ ঠিকানা বৃদ্ধের

আক্কাস আল মাহমুদ হৃদয়

গণকবরস্থান নেই,বসতঘরেই শেষ ঠিকানা বৃদ্ধের

শেরপুরের শ্রীবরদী উপজেলায় গণকবরস্থান না থাকায় জমিহীন এক বৃদ্ধের মরদেহ তাঁর বসতঘরেই দাফন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দাফন করা ওই বৃদ্ধের নাম আ. করিম (৬০)। তিনি শালমারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার জায়গা ছাড়া আ. করিমের আর কোনো জমি ছিল না। শালমারা এলাকায় পারিবারিক কবরস্থান থাকলেও নেই কোনো গণকবরস্থান। ফলে যেসব পরিবারের নিজস্ব কবরস্থান নেই, তাদের স্বজনদের দাফন করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। কেউ বাড়ির আঙিনায়, আবার কেউ বসতবাড়ির সামনে বা পাশে স্বজনদের দাফন করেন। অন্য কোনো জমি না থাকায় আ. করিমকে তাঁর বসতঘরেই দাফন করতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘শালমারা গ্রামে একটি গণকবরস্থান প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে দাবি জানানো হচ্ছে। কিন্তু কেউ উদ্যোগ না নেওয়ায় আ. করিমকে তাঁর ঘরেই দাফন করতে হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জার।’

আ. করিমের মেয়ে করফুলি ও রিক্তা পারভীন বলেন, বসতঘরের জায়গা ছাড়া তাঁদের পরিবারের আর কোনো জমি নেই। তাই বাধ্য হয়ে বাবাকে ঘরেই দাফন করেছেন তাঁরা। ভবিষ্যতে যেন তাঁদের অন্য কোনো স্বজন কিংবা এলাকার কাউকে এভাবে ঘরে দাফন করতে না হয়, সে জন্য এলাকায় একটি গণকবরস্থান প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আ. রউফ বলেন, শালমারা এলাকায় কোনো গণকবরস্থান নেই। বিষয়টি জানার পর নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পাশের ষাইটকাকড়া গণকবরস্থানে মরদেহ স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহম্মেদ বলেন, মরদেহটি পরদিন গণকবরস্থানে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।