
প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: 26 October 2026, 2:41 pm
মাদরাসা থেকে দুই ধরে নিখোঁজ বুড়িচংয়ের ইয়াসিন,থানায় জিডি

কুমিল্লা সদর এলাকার একটি এতিমখানা মাদরাসা থেকে মো. ইয়াসিন (১৩) নামে এক হিফজ বিভাগের শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ ইয়াসিনের মামাতো ভাই পুলিশ সদস্য মো. রানা ও চাচা রমজান।
নিখোঁজ ইয়াসিন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে। সে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
ইয়াসিনের বাবা কামাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার সময় তার ছেলের পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি। ছেলেকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক ইজাজুল হক বলেন, ‘এতিমখানা থেকে সিহাব ও ইয়াসিন নামে দুই শিক্ষার্থী কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঢাকার তেজগাঁও এলাকা থেকে সিহাবকে উদ্ধার করে। তবে ইয়াসিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কাজ করছেন।
নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট থানা কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।