প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: 26 October 2026, 2:08 pm

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক এক

আক্কাস আল মাহমুদ হৃদয়

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক এক

কুমিল্লায় নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্রের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সিআইডি লেখা কটি পরা ছবি পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এ সময় চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের পক্ষে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।

পরদিন ২৫ অক্টোবর রাসেল হোসেন ডাম্পিংয়ে থাকা মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এতে ট্রাফিক পুলিশের সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানানো হয়।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তার পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে জানা যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন। বরং ভুয়া নাম-পরিচয় ও পদবি ব্যবহার করে সিআইডি পুলিশের পরিচয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন বলে পুলিশের দাবি।

পরে তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।

এ ধরনের ভুয়া পরিচয়ধারী ও প্রতারক চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি ভুয়া পরিচয়ে প্রতারণা রোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।