
প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: 26 October 2026, 1:41 pm
বালু লোড-আনলোড নিয়ে বিরোধের জেরে হামলার, প্রাণ গেল জামায়াত কর্মীর

কুমিল্লার চৌদ্দগ্রামে বালু লোড-আনলোড নিয়ে পূর্ববিরোধের জেরে কাজী মো. ইউসুফ হোসেন (৪০) নামে জামায়াতের এক কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর মৃত্যু হামলার কারণে, নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।
নিহত কাজী মো. ইউসুফ হোসেন উপজেলার কনকাপৈত বাজারসংলগ্ন কনকাপৈত দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ব্যাংকার কাজী একরামের ছোট ভাই। সম্প্রতি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই থেকে তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকার ফারিহা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদের একটি ট্রাক্টরের চালকের সঙ্গে ইউসুফের বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আবুল কালাম আজাদ তাঁকে আমজাদের বাজার এলাকায় যেতে নিষেধ করে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকালে ইউসুফ আমজাদের বাজার এলাকায় গেলে ফারিহা এন্টারপ্রাইজের এলাকায় তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে আবুল কালাম আজাদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্বজনরা তাঁকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, ইউসুফ তাঁদের সংগঠনের একজন কর্মী ছিলেন। তিনি ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন। তবে এ ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে তাঁর স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ট্রাক্টরে বালু লোড-আনলোড নিয়ে ইউসুফের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছিল। সোমবার সকালে আমজাদের বাজার এলাকায় গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলেও শোনা যাচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।