
প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: 25 October 2026, 2:24 pm
বুড়িচংয়ে জামিয়া ইসলামিয়া মুমতাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর নোয়াপাড়ায় জামিয়া ইসলামিয়া মুমতাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ এরশাদুল ইসলাম শামীমের মা।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্ব পালন করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি নাজমুল হক। ধর্মীয় আলোচনা করেন বুড়িচং মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা ওমর ফারুকী জিহাদি, বুড়িচং উপজেলা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আবু মুসা, রাজাপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফ রব্বানী এবং রাজাপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন মাস্টার, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির ও সমাজসেবক খাজা মিয়া। অনুষ্ঠানে অহিদ মিয়া, নুরুল ইসলাম আবুসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ কাসেমী। মোনাজাতে মাদ্রাসাটিকে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, প্রতিষ্ঠাতা ও তাঁর পরিবারের কল্যাণ এবং মাদ্রাসা নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়। পাশাপাশি এলাকার নারীরা যেন কোরআন-হাদিসের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন, সে কামনাও করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্যমতে, জামিয়া ইসলামিয়া মুমতাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানটিতে নূরানি, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ,দাওয়া হাদিস বিভাগসহ বিভিন্ন বিভাগে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান করা হয়। আবাসিক ছাত্রীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান, শরিয়াহসম্মত পর্দার পরিবেশ এবং সুন্নতে নববীর বাস্তব অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি হিফজ শিক্ষার সঙ্গে বাংলা, ইংরেজি, গণিত ও আরবি শিক্ষারও ব্যবস্থা রয়েছে।