প্রিন্টের তারিখ: 10 November 2026 | প্রকাশের তারিখ: 23 September 2026, 10:19 am

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসচাপায় নারী নিহত

আক্কাস আল মাহমুদ হৃদয়

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসচাপায় নারী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসচাপায় রোকেয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা ও আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নামেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী এশিয়া ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের মেয়ে লিপি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বড় বোন গৌরীপুরে থাকেন। সেখান থেকে মা নিজের বাড়িতে ফিরছিলেন।

ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসটি আমার মাকে কেড়ে নিয়েছে।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই ফারুক ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার ঘটনাস্থলের কাছেই ফুটওভার ব্রিজ রয়েছে।

ঘাতক বাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’