বুড়িচংয়ের ষোলনলে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বাবুর বাজার এলাকায় অবস্থিত আ’লা হযরত মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে আয়োজিত এ জুলুসকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে জুলুসটি বের করা হয়। জুলুসটি বাবুর বাজার থেকে শুরু হয়ে ষোলনল, ছয়ঘড়িয়া, সোনাইসার, শিমাইল খাড়া ও ষোলনল পশ্চিমপাড়া প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
জুলুস শেষে অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (দ.)-এর প্রশংসামূলক স্লোগান দেন এবং নাতে মোস্তফা পরিবেশনের মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলেন।
জুলুসে নেতৃত্ব দেন আ’লা হযরত মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আল আমিন রেজা কাদরী।
এ সময় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নিয়ামত প্রাপ্তির জন্য আনন্দ প্রকাশ ও কৃতজ্ঞতা আদায়ের কথা বলেছেন। মহানবী (দ.)-এর আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাই নবীজি (দ.)-এর শুভ আগমন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে মুসলমানরা ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করে থাকেন।
তিনি আরও বলেন, রবিউল আউয়াল মাস ঈমানদারদের জন্য অত্যন্ত আনন্দের মাস। কারণ এ মাসেই দয়াল নবী হযরত মুহাম্মদ (দ.) পৃথিবীতে শুভ আগমন করেছেন। তাঁর আগমন মানবজাতির জন্য রহমত ও হেদায়াতের বার্তা নিয়ে এসেছে। তাই এ মাসকে ঘিরে মুসলমানদের আনন্দের কোনো সীমা নেই।
জুলুস শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল ওয়াহাব চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লা হযরত মডেল মাদ্রাসার সেক্রেটারি মো. খোরশেদ আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নজরুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর শুভ আগমনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
