লগি-বৈঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এটিই জেলায় দলটির প্রথম প্রকাশ্য মিছিল বলে জানা গেছে। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের অনেকের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় পুলিশের এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ, বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট ছিল। বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। দুপুর ২টার দিকে তাঁদের কর্মসূচি শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মাঝিগাতী, কাঠি ও কাজুলিয়া ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেদগ্রাম হয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও একটি মিছিল বের করা হয়।

মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়। পরে নেতা-কর্মীরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল থেকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার টাঙানো হয়।

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ, প্রেসক্লাব ও কাশফুল রেস্টুরেন্টের সামনের সড়কে বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এনে আগুন ধরিয়ে অবরোধ করেন মিছিলকারীরা। এ সময় টায়ার, কাঠ ও বাঁশ জড়ো করে শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়।

মিছিলে বিভিন্ন বয়সী নারীদেরও অংশ নিতে দেখা যায়। এ সময় পুলিশের একটি এপিসির ওপর উঠে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় শেখ হাসিনা’ লেখেন। এ ছাড়া শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটে।

এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও কর্মসূচি চলাকালে তাঁদের উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিন বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার নতুন করে আরও তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলায় ছয় প্লাটুন বিজিবির মোট ১৫০ সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান আরও বলেন, রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছিলেন। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন। জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন ছিল: ডিআইজি

পরে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সকালে গোপালগঞ্জে পৌঁছে তাঁরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেন। পরিস্থিতি মোকাবিলায় জেলায় ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হয়। এ ছাড়া এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

ডিআইজি বলেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পিকেট গাড়ি, স্ট্রাইকিং ফোর্স ও পর্যাপ্ত মোবাইল পেট্রোল মোতায়েন করা হয়েছিল। ফলে জাতীয় মহাসড়কে এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি। সদর উপজেলা ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

তিনি আরও বলেন, জননিরাপত্তা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করেছে। জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে মোতায়েন করা হয়েছিল। প্রতিদিন সম্ভাব্য হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে।

আগামী দিনগুলোতেও সরকারি সম্পদ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বোপরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি।