কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে জখম
কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে নগরীর গোমতী নদীর উত্তরপাড়সংলগ্ন ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছত্রখিল এলাকায় অবস্থান করছিলেন যুবদল নেতা কাউছার। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
