কুমিল্লার সংবাদ

কুমিল্লায় সড়ক দুর্ঘ’টনা: অভা‌বের সংসারের হাল ধরা ফয়সালকে কে’ড়ে নিল বাস

কুমিল্লার দেবিদ্বারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া-হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহত ফয়সাল কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের জমশের আলী বাড়ির সৌদি প্রবাসী খোরশেদ আলমের বড় ছেলে। তিনি দেবিদ্বার জেলা পরিষদ মার্কেটের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সালের বাবা সৌদি আরবে থাকলেও স্বল্প বেতন ও নানা সংকটের কারণে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফলে পরিবারের আর্থিক অনটন দূর করতে মাত্র ১৮ বছর বয়সেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ফয়সাল। দেবিদ্বারের একটি কাপড়ের দোকানে কাজ করে যে আয় করতেন, তা দিয়েই কোনোমতে চলত তাঁদের চার সদস্যের সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তাঁর মা ও স্বজনরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ফয়সাল। পথে ছগুড়া-হাতিমারা এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী মডার্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফয়সালের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা। সন্তানের নিথর দেহের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। যে ছেলেটি পরিবারের অভাব দূর করতে অল্প বয়সেই উপার্জনের দায়িত্ব নিয়েছিলেন, তাঁর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

নিহতের ১৪ বছর বয়সী ছোট ভাই সিয়াম কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘সকালে খাবার খেয়ে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল ভাইয়া, কিন্তু কে জানত সেটাই তার শেষ যাওয়া!’

এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত বাসটিও আটক করা সম্ভব হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।