নিজের তরকারি বিক্রির ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ সন্তানের পিতার মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে নিজের তরকারি বিক্রির ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৪৭) নামে পাঁচ সন্তানের এক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বরুইয়ারচর দক্ষিণ শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ওই গ্রামের হাসান আলীর ছেলে। তিনি ভ্যানে করে উপজেলার বিভিন্ন এলাকায় তরকারি বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আবুল কালাম নিজ ঘরে তার তরকারি বিক্রির ভ্যানটি চার্জে দেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় ঘরে অন্য কেউ উপস্থিত ছিলেন না।
আছাদনগর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন জানান, হঠাৎ আবুল কালামের স্ত্রী রেখা বেগম বাইরে থেকে বিকট শব্দ শুনে ঘরে প্রবেশ করেন। সেখানে স্বামীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আবুল কালামকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল জানান, হাসপাতালে আনার আগেই আবুল কালামের মৃত্যু হয়েছে।
পাঁচ সন্তানের জনক আবুল কালামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।
