কুমিল্লার সংবাদ

কুমিল্লায় এনসিপির কর্মশালায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় ভিডিও ধারণের সময় এক সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে দলটির এক নেতার বিরুদ্ধে।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটলা এলাকার দেশপ্রিয় কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

হেনস্তার শিকার সাংবাদিক মো. হাবিবুর রহমান মুন্না দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার স্টাফ রিপোর্টার।

প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেওয়ার সময় এনসিপি কুমিল্লা উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান সরকার সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়ান। এতে ভিডিও ধারণে বিঘ্ন ঘটলে সাংবাদিক হাবিবুর রহমান মুন্না তাকে সরে গিয়ে বসার অনুরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নোমান সরকার উত্তেজিত হয়ে সাংবাদিক মুন্নার দিকে তেড়ে আসেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেখে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

তবে অভিযোগের বিষয়ে এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান সরকার বলেন, ‘একটু কথা-কাটাকাটি হয়েছে। পরে মিলমিশ হয়ে গেছে।’

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হেনস্তা বা বাধার শিকার হবেন, তা কাম্য নয়।

তিনি ঘটনার সুষ্ঠু ব্যাখ্যার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।